সারাদেশে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু নভেম্বর 21, 2009
Posted by bangla71.net in বাংলাদেশ.Tags: পরীক্ষা, প্রাথমিক, শিক্ষা, সমাপনী
trackback
সারাদেশে একযোগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে শনিবার। প্রথমবারের মতো আয়োজিত এ পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ২০ লাখ ছাত্র-ছাত্রী। পাঁচ হাজার ৩৪৩টি কেন্দ্রে চলছে এই পরীক্ষা। এর ফলাফলের মাধ্যমেই মেধা ও কোটাভিত্তিক প্রাথমিক বৃত্তি দেয়া হবে। সকাল ১০টায় বাংলা পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে এ পরীক্ষা। তিন দিনে ছয়টি বিষয়ে নেয়া হচ্ছে এ পরীক্ষা। কেন্দ্র থেকে প্রশ্নপত্র পাঠানো হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলোতে। পরীক্ষায় অংশ নেয়া ১৯ লাখ ৮০ হাজার ১৮০ জনের মধ্যে ছাত্রী ১০ লাখ ৭০ হাজার ১৯৬ জন আর ছাত্র ৯ লাখ ৯ হাজার ৯৮৪ জন। শিশুদের ‘এসএসসি পরীক্ষা’ নামে এরইমধ্যে পরিচিতি পাওয়া এই পাবলিক পরীক্ষাকে ঘিরে শহর থেকে গ্রাম পর্যন্ত উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি উৎকণ্ঠাও সৃষ্টি হয়েছে। এতোদিন ১০ বছরের পড়াশোনা শেষে মাধ্যমিক বা এসএসসি ছিল প্রথম পাবলিক পরীক্ষা। গত আগস্ট মাসে সরকার সিদ্ধান্ত নেয় একযোগে প্রাথমিক সমাপনী পরীক্ষা নেয়ার এবং সিদ্ধান্ত হয় নভেম্বর থেকে তা কার্যকর করার। এই অল্প সময়ে পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব হবে কিনা বিষয়ে এ সন্দেহ ছিল সংশ্লিষ্ট অনেকের মধ্যেই। অনেকেই বলেছেন, একসঙ্গে পরীক্ষা হবার কথা তারা একমাস আগেও জানতেন না। তবে কিছু সমস্যা থাকলেও নতুন আঙ্গিকে অনুষ্ঠিত হওয়া এই পরীক্ষাকে বেশ ভালোভাবেই নিয়েছেন অভিভাবকরা। তাদের অনেকেই জানিয়েছেন, নতুন আঙ্গিকে শুরু হওয়া এই পরীক্ষার সাথে আগেই পরিচয় করিয়ে দিয়েছেন শিক্ষকরা। অনেক পরীক্ষার্থী বলেছেন, একই দিনে দুটি বিষয়ে পরীক্ষা দিতে তাদের অসুবিধা হচ্ছে। সারাদেশে মোট পাঁচ হাজার ৩৪৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর প্রশ্নপত্র কেন্দ্রীয়ভাবে প্রণয়ন করে পরীক্ষাকেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে। এর ফলাফলের ভিত্তিতেই মেধা ও কোটাভিত্তিক প্রাথমিক বৃত্তি দেয়া হবে। এছাড়া প্রাথমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ষষ্ঠ শ্রেণীর ভর্তি-প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হবে বিভাগ পদ্ধতিতে। অর্থাৎ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে পরীক্ষার্থীর ফল মূল্যায়ন করা হবে। পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিন বলেন, প্রাথমিক শেষেই এমন পরীক্ষা দেয়ায় পরের পাবলিক পরীক্ষাগুলোতে কোনও অসুবিধার মুখে পড়তে হবে না ছাত্রদের। আগামী ২০ ডিসেম্বর এই পরীক্ষা ফলাফল প্রকাশ হতে পারে।





মন্তব্য»
No comments yet — be the first.