jump to navigation

মন্ত্রিসভা সম্প্রসারণ : শপথ নিলেন ১ মন্ত্রী, ৫ প্রতিমন্ত্রী জুলাই 31, 2009

Posted by bangla71.net in বাংলাদেশ, রাজনীতি, সংসদ.
Tags: , , ,
trackback

cabinet_oath

মহাজোট সরকারের প্রায় ৭ মাসের মাথায় দ্বিতীয়বার সম্প্রসারিত হয়েছে মন্ত্রিসভা। শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রপতি জিল্লুর রহমান বঙ্গভবনে নতুন মন্ত্রীদের শপথ পাঠ করান। শপথ নিয়েছেন একজন নতুন মন্ত্রী এবং পাঁচ জন প্রতিমন্ত্রী । পূর্ণমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় যোগ দিয়েছেন অ্যাডভোকেট শাজাহান খান। নতুন প্রতিমন্ত্রীরা হলেন: মাহবুবুর রহমান, ব্রি. জেনারেল (অব.) এনামুল হক, ডা. ক্যাপ্টেন (অব.) মুজিবুর রহমান শফিক, অ্যাডভোকেট প্রমোদ মানকিন ও শারমিন শিরিন চৌধূরী। নতুন মন্ত্রীদের এখনও দপ্তর বন্টন করা হয়নি।

শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১টা ২০মিনিটে বঙ্গভবনে পৌঁছান। এর কিছুক্ষণ পরই শুরু হয় শপথ অনুষ্ঠান। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ছাড়াও কয়েকজন সংসদ সদস্য এসময় উপস্থিত ছিলেন। শুক্রবার নতুন ৬ জনের যোগদানের মধ্যে দিয়ে মন্ত্রিসভায় এখন পূর্ণমন্ত্রীর সংখ্যা দাঁড়ালো ২৫-এ এবং প্রতিমন্ত্রী ১৯ জনে। নবম সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন গত ৬ জানুয়ারি। একই দিন শপথ নেন আরও ২৩ জন মন্ত্রী এবং ৮ জন প্রতিমন্ত্রী। তাদেরকে শপথ পাঠ করান তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ।

মন্ত্রিসভায় অনেক নতুন মুখ আসতে পারে—এমনটা বেশ আগে থেকেই ভাবা হলেও নতুন মন্ত্রিসভা অনেককেই চমকে দেয়। আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আব্দুল জলিল এবং সৈয়দা সাজেদা চৌধুরীর মতো আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারই জায়গা হয়নি সেখানে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অংশ জাতীয় পার্টির জিএম কাদের পান বেসামরিক বিমান চলাচল এ পর্যটন মন্ত্রণালয় এবং সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব। টেকনোক্র্যাট কোটায় দিলীপ বড়ুয়া অন্য যারা মন্ত্রী হিসেবে দায়িত্ব পান তারা হলেন, ব্যারিস্টার শফিক আহমেদ (আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়) এবং আওয়ামী লীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ইয়াফেস ওসমান (বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়)। এর ১৮ দিন পর পর গত ২৪ জানুয়ারি ৬ জন নতুন প্রতিমন্ত্রী শপথ নেন। তারা হলেন: অ্যাডভোকেট শাহজাহান মিয়া, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম, অ্যাডভোকেট শামসুল হক টুকু, মোহাম্মদ মোতাহার হোসেন এবং অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

মন্তব্য»

No comments yet — be the first.