আল্লাহর দোহাই লাগে এমন কথা বলবেন না, নিউইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী জুন 29, 2009
Posted by bangla71.net in আন্তর্জাতিক, প্রবাস, বাংলাদেশ, সংসদ.Tags: দীপু মনি, নিউইয়র্ক, প্রবাস, বাংলাদেশ, ny
trackback

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি
বাংলাদেশ জঙ্গিতে ভরে গেছে আল্লাহর দোহাই লাগে এমন কথা বলবেন না। সর্বনাশা এসব কথা বলা আমাদের জন্য আত্মঘাতী। এটা দেশের ক্ষতি করছে। যুক্তরাষ্ট্রে ইন্টারন্যাশনাল কমিটি এগেইনস্ট ওয়ার ক্রিমিনাল অ্যান্ড জেনোসাইডের নেতৃবৃন্দের উদ্দেশে এই আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। বাংলাদেশের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগের আগে নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেটে এক মতবিনিময় সভায় তিনি সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে এ আহ্বান জানান।
এর আগে সংগঠনের কয়েকজন নেতা বাংলাদেশে জঙ্গি সমস্যা এবং এর বিস্তার নিয়ে জোরালো বক্তব্য রাখেন। পররাষ্ট্রমন্ত্রী তাদের থামিয়ে দিয়ে বলেন, জঙ্গিবাদে দেশ ভরে গেছে এমন কথা বলবেন না। বিদেশে বাংলাদেশের জনশক্তি রফতানিতে এটা নেতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। এটা ইমেজ নষ্ট করছে আমাদের দেশের। প্রবাসে কে কোন দলের সেটা বিবেচ্য নয়, বাংলাদেশীদের নিয়ে অনেক দেশেই সন্দেহের সৃষ্টি হচ্ছে। আসল বাস্তবতা হচ্ছে জঙ্গিবাদকে বাংলাদেশের মানুষ কখনো স্বীকৃতি দেয়নি। এর প্রমাণ হচ্ছে এবারের নির্বাচনে মহাজোটের বিজয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের ৬৫ লাখ মানুষ বাইরে অবস্খান করছে। এখন আমরা নিজেরাই যদি জঙ্গি জঙ্গি করে দেশের ইমেজ সঙ্কটের সৃষ্টি করি, তাহলে এটা অসম্ভব নয় যে, অনেক দেশই সন্দেহের কারণে এদের অনেককে ফেরত পাঠাতে পারে। আর এটা হলে চিন্তা করে দেখুন দেশের কী অবস্খা হবে! এ জন্য দেশ ও জাতির ইমেজ সঙ্কটের কারণ হয় এমন কোনো কথা না বলাই শ্রেয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদ একটি আন্তর্জাতিক সমস্যা। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে জঙ্গিবাদ নেই। অতএব ’৭২ সংবিধান হলেই যে জঙ্গিবাদ শেষ হয়ে যাবে এটা ঠিক নয়।
তিনি বলেন, এখন দেখতে হবে রাষ্ট্র পরিচালনায় প্রাধান্য কী। আমরা কি দেশের মানুষের জন্য ডালভাতের ব্যবস্খা করব না অন্য সব ইস্যু নিয়ে সামনে এগোবো। এক সাথে সব ইস্যু নিয়ে সামনে এগোনো যাবে না। বিরোধীরা ৩০টি সিট পেয়েছে। ৩০% মানুষ সমর্থন করছে তাদের। আওয়ামী লীগ সমর্থকদের ধৈর্যের সাথে সরকারকে সাহায্যের আবেদন জানান তিনি।
এই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রীর সাথে মতবিনিময় করেন, ড. প্রদীপ কর, হাকিকুল ইসলাম খোকন, জাসদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আব্দুল মোসাব্বির, রতন রতন বড়ুয়া প্রমুখ।
পরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতারাও পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে ’৭২-এর সংবিধান পুন:প্রবর্তন ও শত্রুসম্পত্তি আইন বাতিলের দাবি জানান। বর্তমান সরকার যাতে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে সংখ্যালঘুদের গুরুত্ব দেন সে বিষয়টিও নজরে রাখার দাবি জানান তারা।
অনুষ্ঠানে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক নবেন্দু দত্ত বলেন, ’৭২-এর সংবিধান না হলে বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হতে পারে।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, রতন বুড়ুয়া, শিতাংশু গুহ প্রমুখ।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরাও কন্সুলেট অফিসে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে দলীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় সেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা চন্দন দত্ত, আব্দুর রহিম বাদশা, হাজী এনাম, যুবলীগ সভাপতি মিছবাহ আহমদ প্রমুখ উপস্খিত ছিলেন।
সূত্র : নিউজ ওয়ার্ল্ড নিউইয়র্ক




মন্তব্য»
No comments yet — be the first.