jump to navigation

কবি নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে ৪ দিনব্যাপী নজরুল সম্মেলন মে 21, 2009

Posted by bangla71.net in ইতিহাস, জীবনী, বাংলাদেশ, সংবাদ, সংস্কৃতি.
Tags: , , ,
trackback

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

নজরুল চর্চা ও গবেষণা প্রতিষ্ঠান নজরুল একাডেমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ২২, ২৩, ২৪ ও ২৫ মে চার দিনব্যাপী নজরুল সম্মেলনের আয়োজন করেছে। নজরুল একাডেমির এক সংবাদ সম্মেলনে বুধবার এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২২ মে শুক্রবার বিকেল সাড়ে ৫টায় শিশু একাডেমি মিলনায়তনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতি লতিফুর রহমান প্রধান অতিথি হিসেবে নজরুল সম্মেলন উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে নজরুল গবেষণায় আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল কাইউমকে এবং নজরুল সঙ্গীত সাধনায় আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ বেগম রওশন আরা মুস্তাফিজকে নজরুল একাডেমি পদক-২০০৯-এ ভূষিত করা হবে এবং নজরুল সঙ্গীত সাধনায় অবদানের স্বীকৃতিস্বরূপ বেগম রেবেকা সুলতানা, অধ্যাপক ড. নাশিদ কামাল এবং মোঃ ইয়াকুব আলী খানকে নজরুল একাডেমি সম্মাননা-২০০৯-এ ভূষিত করা হবে।

এছাড়া প্রধান অতিথি অনুষ্ঠানে লেজার ভিশন প্রযোজিত নজরুল একাডেমির সঙ্গীত শিক্ষক ও দেশের খ্যাতিমান নজরুল সঙ্গীত শিল্পী মোঃ ইয়াকুব আলী খানের নজরুল সঙ্গীতের সিডি গুলবাগিচার মোড়ক উন্মোচন করবেন। অনুষ্ঠানে নজরুল দ্রোহী সত্তা শীর্ষক আলোচনা সভার আয়োজন থাকবে।
২৩ মে শনিবার বিকেল সাড়ে ৫টায় একই স্থানে অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে প্রধান অতিথি থাকবেন এটিএন বাংলার প্রধান উপদেষ্টা সাইফুল বারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভাষা সৈনিক ও বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ আবদুল গফুর।

২৪ মে রোববার সন্ধ্যা পৌনে ৭টায় অনুষ্ঠানমালার তৃতীয় দিনে বেলালাবাদ মগবাজারে নজরুল একাডেমি মিলনায়তন, নজরুল একাডেমি পরিচালিত নবীন ও প্রতিশ্রুতিশীল নজরুল শিল্পী প্রকল্প অনুষ্ঠানে বিভিন্ন নজরুল কেন্দ্রিক প্রতিষ্ঠানে প্রশিক্ষিত ১১ জন নজরুল শিল্পী গান পরিবেশন করবেন।
২৫ মে সোমবার নজরুল জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান ও নজরুল সম্মেলন ২০০৯-এর সমাপনী দিবসে সকাল ৭টায় নজরুল একাডেমির পক্ষ থেকে জাতীয় কবির মাজার জিয়ারত ও পুষ্প অর্পণ করা হবে। বিকেল সাড়ে ৫টায় নজরুল একাডেমি মিলনায়তনে বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আখতার ইউসুফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন অধ্যক্ষ খালিদ হোসেন ও একাডেমির সহ-সভাপতি সাংবাদিক সৈয়দ আখতার ইউসুফ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নজরুল ইনস্টিটিউট আগামী ২২ থেকে ২৭ মে পর্যন্ত ৬ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। বুধবার নজরুল ইনস্টিটিউটের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে ২২ মে ইনস্টিটিউট মিলনায়তনে শিশু-কিশোরদের আবৃতি প্রতিযোগিতা, ২৩ মে শনিবার বিকেল ৩টায় ইনস্টিটিউট মিলনায়তনে শিশু-কিশোরদের নজরুল সঙ্গীত প্রতিযোগিতা, ২৪ মে রোববার বিকেল ৪টায় ইনস্টিটিউট মিলনায়তনে রয়েছে শিশু-কিশোরদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, ২৫ মে সোমবার সকাল সাড়ে ৬টায় জাতীয় কবির মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং বিকেল সাড়ে ৪টায় শাহবাগস্থ গণগ্রন্থাগার অধিদফতরে সপ্তাহব্যাপী নজরুল গ্রন্থমেলা উদ্বোধন। উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ শরফুল আলম, ২৬ মে মঙ্গলবার বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় বাংলাদেশে নজরুল জন্ম শতবার্ষিকী শীর্ষক প্রবন্ধ পাঠ করবেন ইদরিস আলী। আলোচক অধ্যাপক মোহাম্মদ আবদুল কাইউম ও শিল্পী খালিদ হোসেন। স্বাগত ভাষণ দেবেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রশীদ হায়দার।

২৭ মে বুধবার বিকেল ৫টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের শহীদ জিয়া মিলনায়তনে নজরুল বিষয়ক আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম। প্রধান অতিথি অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম। আলোচনায় অংশ নেবেন অধ্যাপক করুণাময় গোস্বামী ও নজরুল গবেষক আসাদুল হক। শুভেচ্ছা জ্ঞাপন করবেন ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সদস্য কবির নাতনী বেগম খিলখিল কাজী। স্বাগত বক্তব্য দেবেন ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রশীদ হায়দার। সবশেষে রয়েছে বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

মন্তব্য»

No comments yet — be the first.