বার্সেলোনায় বৈশাখী মেলা অনুষ্ঠিত এপ্রিল 24, 2009
Posted by bangla71.net in ইউরোপ, উৎসব, স্পেন.Tags: বার্সেলোনা, বৈশাখী, মেলা, সান্তা কলোমা, স্পেন
trackback

বৈশখী মেলায় খাবারের একাংশ
সাহাদুল সুহেদ : বাংলা নব বর্ষ ১৪১৬ উপলক্ষ্যে স্পেনে গত ১৮ ও ১৯ এপ্রিল দু’দিনব্যাপী আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠিত হয় যথাক্রমে বার্সেলোনা এবং সান্তা কলোমায়। বার্সেলোনায় অনুষ্ঠিত প্রথম দিনের বর্ষবরণের আয়োজক ছিল বাংলাদেশ উমানিতারিয়া এসোসিয়েশন আর দ্বিতীয় দিনের আয়োজক সান্তা কলোমা বাংলাদেশ আমিগো আমিগা এসোসিয়েসন। বার্সেলোনার মিউজিয়াম স্কয়ার আর সান্তা কলোমার আউন্তামেন্ত পার্ক- দুই জায়গাতেই ছিল উপচে পড়া বাঙ্গালীদের ভিড়। দু’দিনে দু’জায়গায় বর্ষবরণ হওয়ায় দু’জায়গাতেই প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়।
বার্সেলোনা : মঞ্চ কাঁপানো গান, নাচ, সমাগত দর্শক শ্রোতাদের আনন্দধ্বনি, হই হুল্লোর, বাঙ্গালীয়ানা পরিবেশ- মনে হচ্ছিল ছোট্ট এক খণ্ড বাংলাদেশ। নতুন বর্ষ ১৪১৬ কে বরণ করতে বার্সেলোনার প্রবাসী বাংলাদেশীরা গত ১৮ এপ্রিল সমবেত হয় স্থানীয় মাকবা স্কয়ারে। দিনব্যাপী ছিল নানা অনুষ্ঠানমালা। মেলার মঞ্চটি দুপুর পর্যন্ত ছিল ছোট্ট শিশু কিশোরদের দখলে। তাদের মন মাতানো নাচ গান দর্শকরা প্রাণভরে উপভোগ করেন।

বালিশ খেলা
রঙ তুলির আলতো পরশে অনেকেই শুভ নব বর্ষ আর বাংলাদেশের পতাকা উল্কি আঁকে নিজেদের গালে। বাঙ্গালী ললনাদের উচ্ছ্বাসে ছিল বাঙ্গালীয়ানা আমেজ। আর ছেলেরাও পাঞ্জাবি ফতোয়া পরে যেন সাজেন এক একজন বাঙ্গালী বাবু। মেলায় স্থাপিত ষ্টলগুলোতে ছিল ইলিশ পোলাও, চটপটি, নানা রকমের পিঠা, ঝালমুড়ি- এক কথায় বাঙ্গালী খাবারের সমারোহ।

প্রবাসী বাঙ্গালী ললনারা
বিকেল থেকেই নাচ গানের পরশে দর্শক শ্রোতার আনন্দধ্বনি চূড়ান্ত রূপ নেয়। সাঈদ আহমদ স্বপন আর লিজার প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি স্প্যানিশ ও বলিউড নৃত্যশিল্পীদের মন মাতানো নৃত্য দর্শকদের আকৃষ্ট করে। ইমরান, বিউটি, জিনাত, মঞ্জু, সুহা আর রক্তের বাংলার শিল্পীদের সঙ্গীত পরিবেশনা দর্শকরা প্রাণভরে উপভোগ করে। বর্ষবরণের বাঙ্গালীদের এই মিলন মেলায় শরীক হতে বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কন্সুলার রামন পেদ্রও এসেছিলেন। বিপুল সংখ্যক স্প্যানিশদের পাশাপাশি বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি সুরুজ্জামান জামান, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ শরীফ, মানবাধিকার সংস্থার সভাপতি জহির উদ্দিন লাকি, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ সভাপতি মোস্তাক আহমদ কামরান, শান্তা কলোমা বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াদুদ, সম্পাদক মোহাম্মদ শাহজাহান, বাংলা কাগজের উপদেষ্টা আব্দুল বাছিত কয়ছর, মুক্তার আহমদ, বাংলা কাগজের নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদসহ কমিউনিটির সকল নেতৃবৃন্দের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়।
জীর্ন পুরাতনকে বিদায় জানিয়ে শুভ সম্ভাবনার প্রত্যাশায় প্রতি বছরই এরকম আয়োজন করার প্রত্যয় জানালেন আয়োজক সংগঠন আসোসিয়াসিয়ন কুলতুরাল ই উমানিতারিয়া দে বাংলাদেশ এর সভাপতি জহির উদ্দিন লাকি ও সাধারণ সম্পাদক ইকবাল আহমদ।
সান্তা কলোমা : সান্তা কলোমার আমিগো আমিগা এসোসিয়েশন প্রথমবারের মতো আয়োজন করলো বাঙ্গালী সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব বৈশাখী মেলা। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল বিভিন্ন খেলাধূলার আয়োজন। মোরগের লড়াই, ফুটবল, মহিলাদের বালিশ খেলা, চেয়ারে বসা, ক্যারাম ইত্যাদি ছিল উল্লেখযোগ্য। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মেলায় আয়োজক সংগঠনের আব্দুল ওদুদ, শাহ জাহান করিম, নাজমুল আলম শফিক, মোশাররফ বেপারি, মাসুদ হোসেন, হরিপদ দেবনাথসহ বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি সুরুজ্জামান জামান, বাংলা কাগজের উপদেষ্টা আব্দুল বাছিত কয়ছর, মুক্তার আহমদ, বাংলা কাগজের নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ, এমদাদুল হক লাভলু, এটিএন বাংলা প্রতিনিধি বনি হায়দার মান্না প্রমুখ উপস্থিত ছিলেন। মেলা উপলে বাংলাদেশী খাবারের সমাহার নিয়ে কয়েকটি স্টলও ছিল। মঞ্চের সাংস্কৃতিক পরিবেশনা সমাগত দর্শকরা বেশ উপভোগ করেন।

বৈশাখী অনুষ্ঠানে আগতদের একাংশ
বাংলাদেশের মতো এত আনন্দঘন না হলেও বার্সেলোনার প্রবাসী বাংলাদেশীরা নব বর্ষকে বেশ জাঁকজমকভাবেই বরণ করলেন। সম্পূর্ণ ভিন্ন সাংস্কৃতিক পরিবেশের সাথে নিয়মিত মিশে থাকলেও আমরা প্রবাসীরা যে আমাদের নিজস্ব সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টিকে ভুলে যাইনি; স্পেনের এই বৈশাখী উৎসবে তা-ই যেন প্রতিধ্বনিত হলো।




মন্তব্য»
No comments yet — be the first.